বন্দরে ইয়াবা-হেরোইন-গাঁজাসহ নারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বন্দর থানাধীন দত্তবাড়ী বউবাজার এলাকার আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলার উত্তর-পশ্চিম পাশের একটি শয়নকক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শান্তি বেগম দত্তবাড়ী বউবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম ওলি মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার এসআই মো. লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শান্তি বেগমের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, শান্তি বেগমের পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার শান্তি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





































