রূপগঞ্জে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীকে বাড়িতে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।
এই ঘটনায় ভুক্তভোগী ২৯ বছর বয়সী নারী মুন্সিগঞ্জ সদরের বাসিন্দা। তিনি রূপগঞ্জ থানায় সাতজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: প্রধান অভিযুক্ত উপজেলার বরপা শান্তিনগর এলাকার প্রয়াত সাহেদ আলীর ছেলে আলমগীর হোসেন (২২), একই এলাকার মো. নাছিরের স্ত্রী মোছা. রুনা (২৭) ও মো. মোমেনের স্ত্রী মোছা. পপি (৩০)।
মামলার অপর আসামি মো. রহিমের ছেলে শাওন (২৫), প্রয়াত রনির ছেলে শুভ (২২), আলী আকবরের ছেলে মোস্তফা (২৮), রওশন আলীর ছেলে জীবন (১৯) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আলমগীরের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ভুক্তভোগী নারীর। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সপ্তাহ আগে রূপগঞ্জে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় আলমগীর। এরপর বিয়ে না করে বিভিন্ন স্থানে তাকে স্ত্রী পরিচয়ে রাখতেন। সেখানে আলমগীর, শাওন, শুভ, মোস্তফা ও জীবন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
গত ২২ আগস্টও অপর দুই নারী অভিযুক্তের সহযোগিতায় ওই নারীকে গণধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম বলেন, “অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।”





































