ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যান্সারে আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী শিশু অর্নব চন্দ্র দাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে সদর উপজেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) শিশুটির মা নিপা রানী দাসের হাতে ১৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
আবেদন সূত্রে জানা যায়, ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা নিপা রানী দাসের শিশুপুত্র অর্নব এইচএলএইচ নামের ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের সঞ্চয়ের পুরোটা শেষ হয়ে যায়। ফলে শিশুটির চিকিৎসা অব্যাহত রাখা পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। সন্তানের জীবন রক্ষায় আর্থিক সহায়তা চেয়ে গত ১৩ আগস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন শিশুটির মা।
পরে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে সদর উপজেলা প্রশাসন শিশুটির চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিশুটির ক্যান্সার চিকিৎসার বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে আবেদনটি পর্যালোচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোববার পরিবারটিকে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।





































