বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি জামায়াতের
ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।
রোববার (২৩ আগস্ট) বুলবুল হত্যাকাণ্ডের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বুলবুল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
পরে জামায়াত নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এরপর তারা নিহত বুলবুলের কবর জিয়ারত করেন।
এ সময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





































