২৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:১৮, ২৩ আগস্ট ২০২৬

আদমজী ইপিজেডে শ্রমিকদের অসুস্থতায় আতঙ্ক, কারখানা ছুটি

আদমজী ইপিজেডে শ্রমিকদের অসুস্থতায় আতঙ্ক, কারখানা ছুটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

রোববার (২৩ আগস্ট) সকালে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে।

আগেরদিন শনিবারও কারখানাটিতে এমন ঘটনা ঘটলে নির্দিষ্ট সময়ের আগেই কারখানা ছুটি ঘোষণা করা হয় বলে জানান ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন। তবে কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

কারখানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কারখানার নতুন ভবনের দুই ও তিন তলায় কাজের সময় হঠাৎ এক নারী শ্রমিক অস্বাভাবিক আচরণ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে এবং শতাধিক শ্রমিক অসুস্থ হলে তড়িঘড়ি করে ইপিজেডের ভেতরে বেপজা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দিলে আবারও প্রায় ৫০ জনের মতো শ্রমিক একইভাবে অসুস্থ হয়ে ঢলে পড়েন।

যদিও শ্রমিকদের দাবি, কারখানার ভেতরে রহস্যজনক কিছু ঘটছে।

কারখানার জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, “সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিল। কিন্তু আগের দিনের মতো আবারও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। মূলত কী কারণে শ্রমিকরা এভাবে অসুস্থ হচ্ছেন, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।”

ইপিজেড কর্মকর্তা নাসরিন বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে কারখানা পরিদর্শন করা হয়েছে। সেখানে বায়ুপ্রবাহ বা অন্য কোনো প্রত্যক্ষ সমস্যা চোখে পড়েনি। অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে এবং সুরক্ষার স্বার্থে কারখানা বন্ধ রাখা হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়