বন্দরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ৯ রবিউল আউয়াল বেলা ৩টায় ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী এর নেতৃত্বে মদনগঞ্জ বটতলা থেকে জশনে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সমাবেশ, পবিত্র মিলাদ মাহফিল, দরুদ ও সালাম এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত হিসেবে এ ধরায় আগমন করেছেন। তাঁর আগমনে আনন্দ প্রকাশ ও জশনে জুলুস আয়োজন ঈমানদারদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, মহানবীর মর্যাদা আল্লাহ তায়ালা নিজেই সমুন্নত করেছেন। কোনো বিরোধিতা বা নেতিবাচক প্রচারণা তাঁর শান ও মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারবে না। সময়ের সঙ্গে তাঁর আগমনের আনন্দ আরও ব্যাপকভাবে উদযাপিত হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পেতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।
এ সময় আগামী ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট নারায়ণগঞ্জ নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিতব্য বৃহত্তর জশনে জুলুসে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান তিনি।
জশনে জুলুসে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ সময় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সহ-সভাপতি ডা. মো. নায়েব আলী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান গেলমান ও রাহাত হাসান রাব্বীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ইসলামী যুব ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশ হিজবুর রাসূল (সা.), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বন্দর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।





































