বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার দায়িত্বশীল জাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি এবং নিহতের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি দেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, একজন তরুণ রাজনৈতিক কর্মীকে এভাবে নির্মমভাবে হত্যা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। একটি মানুষের জীবন কেড়ে নেওয়া শুধু তার পরিবারের ওপর আঘাত নয়, এটি সমাজের নিরাপত্তা ও আইনের শাসনের ওপরও আঘাত।
তিনি বলেন, বুলবুলের পরিবার বর্তমানে কঠিন অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছে। বিশেষ করে তাঁর এক কন্যাশিশু ও এক পুত্রসন্তানের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে পরিবারটি উদ্বিগ্ন। তাই রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
স্মারকলিপিতে বুলবুল হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও নেপথ্যের জড়িতদের শনাক্ত, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া আদালতে অপরাধ প্রমাণিত হলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, দ্রুত তদন্ত শেষ করা, নিহতের পরিবারকে সরকারি ও প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা প্রদান এবং তাঁর দুই সন্তানের শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বিশেষ ও দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
মাওলানা দ্বীন ইসলাম বলেন, বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি থেকে তারা সরে যাবেন না। তারা প্রতিহিংসা নয়, আইনের মাধ্যমে ন্যায়বিচার চান। একই সঙ্গে বুলবুলের অসহায় পরিবার ও দুই সন্তানের পাশে রাষ্ট্র ও সমাজকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।





































