২৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ আগস্ট ২০২৬

বন্দরে গ্যারেজে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত সর্দার হৃদয় গ্রেপ্তার

বন্দরে গ্যারেজে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত সর্দার হৃদয় গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ইজিবাইক গ্যারেজে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত সর্দার মো. হৃদয়কে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তার বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (২৩ আগস্ট) রাত ২টা ৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জ ও র‌্যাব-৩ ঢাকার যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গত ১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বন্দরের আন্দিরপাড় এলাকায় সাহেরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো-সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় হৃদয়সহ ৮-৯ জনের একটি ডাকাত দল গ্যারেজের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে তারা গ্যারেজের ম্যানেজার ফয়সালসহ অটো-রিকশার মালিক সাইদুল, রুবেল ও আব্দুল হককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা তাদের হাত-পা ও মুখ রশি ও কাপড় দিয়ে বেঁধে ফেলে।

এ সময় গ্যারেজে থাকা অটো-রিকশা, মিশুক ও ইজিবাইকের প্রায় ১০৬টি ব্যাটারি এবং নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্যারেজের মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি ডাকাতি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়