২৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৩, ২৩ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে বিকেডিওএর মতবিনিময় সভা

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে বিকেডিওএর মতবিনিময় সভা

ডাইং শিল্পে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান এবং রপ্তানিমুখী শিল্পকে রক্ষার দাবিতে বিশেষ মতবিনিময় সভা করেছে বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ)।

রোববার (২৩ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিট ডাইং ব্যবসায়ীরা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ডাইং শিল্পে উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব সরাসরি গার্মেন্টস খাতে পড়বে। ডাইং বন্ধ থাকলে গার্মেন্টসের কাটিং ও সুইং সেকশনও বন্ধ হয়ে যেতে পারে। এতে রপ্তানি ব্যাহত হয়ে দেশের বৈদেশিক মুদ্রা আয় কমে যাওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ অবস্থায় রপ্তানিমুখী শিল্প, বিশেষ করে নিট ডাইং শিল্পকে রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ), বিকেএমইএ ও বিজিএমইএর সমন্বয়ে একটি কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া জুন, জুলাই ও আগস্ট মাসের গ্যাস বিল পরিশোধে ব্যর্থতার কারণে যেন কোনো শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা হয়, সে দাবিও জানান ব্যবসায়ীরা। তারা বলেন, উৎপাদন বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান সময়মতো বিল পরিশোধ করতে পারবে না। তাই শিল্পকারখানাগুলোকে সচল রাখতে বিল পরিশোধে সময় দেওয়ার পাশাপাশি দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান করতে হবে।

সভা থেকে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জি এম হায়দার আলী বাবুল, সহসভাপতি এম. নাসিরউদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত কবির, মো. শাহজাহান, মো. মহাসিন রাব্বানী, কাজী নজরুল ইসলাম, মো. আমিনুল এহসান চৌধুরী, লিটন চন্দ্র পাল, কে এম নুরুল ইসলাম বাবু, মো. সাইদুর রহমান, মো. অহিদুর ইসলাম শহীদসহ বিভিন্ন নিট ডাইং কারখানার মালিকরা।

সর্বশেষ

জনপ্রিয়