বন্দরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা নির্ধারিত বয়সী সকল শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।





































