এমএইচ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান
নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন টিভি ‘এমএইচ টিভি’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর চাষাঢ়ার জামতলার হীরা ড্রাগন প্যালেসে ‘সত্যের সন্ধানে সবার কাছে’ স্লোগানকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, “গত ১৭ বছর ধরে দেশে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, তার পেছনে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে সাংবাদিক সমাজ। তারা যদি ন্যায়-নীতির পক্ষে থাকতেন, তাহলে হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। তবে আমরা আশাবাদী, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মানুষ দেখছে, সেই পথচলায় সাংবাদিক সমাজও ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “যেটা সত্য সেটাই তুলে ধরুন। সেটা আমাদের দলের বিপক্ষে যাক বা আমার দলের কোনো নেতার বিপক্ষে যাক—তাতে কোনো আপত্তি নেই। এমএইচ টিভির চেয়ারম্যান ফেরদাউসুর রহমান রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও তিনি যেন এই সংবাদমাধ্যমকে শুধু নিজের দলের জন্য ব্যবহার না করেন। আমরা এমএইচ টিভিকে একটি নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসেবে দেখতে চাই।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “মাওলানা ফেরদাউসুর রহমান যে দায়িত্ব নিয়েছেন, তা সহজ নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতা আসতে পারে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠারের শুরুতে এমএইচ টিভির চেয়ারম্যান মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “আজ অনেকটা ঘরোয়া পরিবেশে দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছি। আমাদের লক্ষ্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি আলেম সমাজ যেন শুধু ধর্মীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ না থেকে সমাজ, ব্যবসা, রাজনীতি, চাকরিসহ সর্বক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশাও আমাদের রয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক কবির হোসেন বলেন, “আলেমদের কথা বলার জন্য একটি সুনির্দিষ্ট মাধ্যমের প্রয়োজন ছিল, এমএইচ টিভি সেই শূন্যতা পূরণ করবে বলে বিশ্বাস করি। তবে এখানে শুধু আলেমদের নয়, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথাও তুলে ধরা উচিত। এটি যেন নারায়ণগঞ্জের গণ্ডি পেরিয়ে দেশব্যাপী এবং আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি লাভ করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজ্জাদ হোসেন, ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাহাজ্জুল ইসলাম আব্বাস এবং আড়াইহাজার উপজেলা সভাপতি মাওলানা মশরুর হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।





































