২৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৯, ২৮ নভেম্বর ২০২৬

কোন্দল-সংঘাতে নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে বিএনপি

কোন্দল-সংঘাতে নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে বিএনপি

নারায়ণগঞ্জে রাজনৈতিক শক্তি ও সাংগঠনিক বিস্তৃতি থাকলেও অভ্যন্তরীণ কোন্দল ক্রমেই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে দলটির নেতা-কর্মীদের সক্রিয়তা বাড়লেও বিভিন্ন পর্যায়ে নেতাকেন্দ্রিক গ্রুপিং, আধিপত্য বিস্তার, ব্যবসা নিয়ন্ত্রণ ও নেতৃত্বের বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি বিভিন্ন বিতর্কিত ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডেও আসছে কয়েকজন নেতার নাম।

এসব বিরোধ কখনো দলীয় কর্মসূচি, কখনো ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে। ফলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে দলটির সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

নির্বাচন কমিশন ২০২৭ সালের জানুয়ারি থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জে প্রথম ধাপে শুধু আড়াইহাজার উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন হওয়ার কথা।

যদিও এখনো চূড়ান্ত তফসিল ঘোষণা হয়নি, তবু তৃণমূলে নির্বাচনী তোড়জোড় শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের অনেকে সীমিত পরিসরে প্রচারণাও চালাচ্ছেন।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন, স্থানীয় নেতৃত্বের প্রভাব এবং সাংগঠনিক ঐক্য প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ দলটির নির্বাচনী প্রস্তুতিকে দুর্বল করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তাদের মতে, ধারাবাহিক সংঘর্ষ ও নেতৃত্বের বিরোধ সাধারণ নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করে। এর প্রভাব পড়তে পারে প্রার্থী বাছাই, প্রচার-প্রচারণা এবং ভোটের মাঠে কর্মী-সমর্থকদের সক্রিয়তায়।

সংঘর্ষ ও সহিংসতায় বারবার আলোচনায় নেতারা

সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিএনপির নেতা-কর্মীদের বিরোধ ও সহিংসতার চিত্র সামনে এনেছে। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জেরে শহরের আদর্শ মিষ্টান্ন ভান্ডারের এক কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আমির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা হয়।

এর আগের দিন ১৭ নভেম্বর ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় আবু ইউসুফ নামে এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের বিরুদ্ধে। একটি হামলার ঘটনা মুঠোফোনে ধারণ করার অভিযোগে ওই চালকের ওপর হামলা করা হয় বলে জানা যায়। এ ঘটনায় জুয়েল আরমানকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ জানায়, ওইদিন দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে একটি অপহরণ মামলার শুনানি শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে কৃষকদল নেতা জুয়েল আরমানসহ কয়েকজন আহত হন। এর জেরে রাতে শিয়াচর তক্কার মাঠ এলাকায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এর আগে ১০ নভেম্বর ফতুল্লার মাসদাইর বাজারে একটি বিরিয়ানির দোকানে চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নেওয়াকে কেন্দ্র করে দোকানের ব্যবস্থাপককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের বিরুদ্ধে। পরদিন হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে আঙুল উঁচিয়ে বলতে শোনা যায়, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন।’

এ ছাড়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, গণপরিবহন, পোশাক কারখানা, হোসিয়ারি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও হত্যার অভিযোগ রয়েছে।

জেলা ও মহানগরে একাধিক বলয়

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভেতরে একাধিক পক্ষ সক্রিয়। এর বড় একটি অংশের বিরোধের কেন্দ্র রূপগঞ্জ। এ জেলার রাজনীতিতে প্রভাবশালী দুই শিল্পপতি ও নেতার অবস্থান দুই মেরুতে। একদিকে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, অন্যদিকে জেলা বিএনপি ও বিজেএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। তাদের দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জেলার রাজনীতিতে আরেকটি প্রভাবশালী বলয় হচ্ছে আজাদ বলয়। জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ঘনিষ্ঠ হতে আগ্রহী। তবে তার নিজের সংসদীয় আসন আড়াইহাজারে নেতা-কর্মীদের মধ্যে একাধিক পক্ষ রয়েছে। তাদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর ও তাঁর ভাতিজা মাহমুদুর রহমান সুমনসহ অনেকে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদও এই বিরোধের বাইরে নন। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও মামুন মাহমুদের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময়ে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। মান্নানের সমর্থকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার পাশাপাশি স্থানীয় কার্যালয়ে হামলার অভিযোগও করেছেন মামুনের অনুসারীরা।

শিল্পাঞ্চল ফতুল্লায় আধিপত্য বিস্তার, শিল্প এলাকা নিয়ন্ত্রণ ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের বিরোধ দীর্ঘদিনের। এসব বিরোধ থেকে বিভিন্ন সময়ে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও ঘটেছে।
মহানগর বিএনপির মধ্যেও দীর্ঘদিন ধরে নেতাকেন্দ্রিক বিরোধ রয়েছে। সংগঠনটির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুকে ঘিরে বিভিন্ন দলীয় আয়োজনে নেতা-কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর বন্দরের স্থানীয় নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হন তিনি। এ ঘটনায় টিপু অভিযোগ করেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল ও বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এর পেছনে ‘কলকাঠি’ নেড়েছেন। তবে মুকুল ও আশা দুজনই অভিযোগ অস্বীকার করেন। পরের বছর ২০২৫ সালে মুকুল ও আশার মধ্যেও প্রকাশ্য বিরোধ দেখা যায়।

মহানগর বিএনপির বিরোধের সঙ্গে জড়িয়ে আছে পরিচিত রাজনৈতিক পরিবার ‘জালাল পরিবারও’। প্রয়াত জালাল হাজী ছিলেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও তৎকালীন ঢাকা-বর্তমান নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য। তার ছেলে অ্যাডভোকেট আবুল কালাম ওই আসনে সংসদ সদস্য হন এবং মহানগর বিএনপির নেতৃত্বেও ছিলেন। জালাল হাজীর ভাতিজা আতাউর রহমান মুকুল ছিলেন মহানগর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরিবারের তৃতীয় প্রজন্মের আবুল কাউসার আশা বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিটি কাউন্সিলর।

রাজনৈতিক পদ ও জনপ্রতিনিধিত্বে পরিবারের একাধিক সদস্য থাকলেও তাদের মধ্যে বিরোধ রয়েছে। এক অনুষ্ঠানে আবুল কালাম তার চাচাতো ভাই মুকুলকে পরিবারের অংশ নন বলে মন্তব্য করেছেন।

তাদের সমর্থকদের মধ্যেও বিভিন্ন সময়ে বিরোধ দেখা গেছে। ২০২৫ সালের জুনে বন্দর উপজেলা পরিষদের সামনে মুকুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করা হয়। এ ঘটনায় মুকুল আবুল কাউসার আশাকে অভিযুক্ত করেন। তবে আশা অভিযোগ অস্বীকার করে বলেন, মুকুলের পূর্ববর্তী রাজনৈতিক অবস্থানের কারণে ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

এছাড়া, মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বরাবরই আবুল কালামের বলয়ের বাইরে থেকে রাজনীতি করেছেন।

আগের কমিটিতে যখন আবুল কালাম সভাপতি ছিলেন, তখন সাখাওয়াত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি। দলীয় বিভিন্ন কর্মসূচি আলাদা ব্যানারে পৃথকভাবে পালন করতেন সাখাওয়াত তার অনুসারীদের নিয়ে।

এই বিভক্তি এখনো বজায় রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ নেতা-কর্মীরা।

মহানগর বিএনপির আরেক পরিচিত রাজনৈতিক পরিবার খন্দকার পরিবার। এ পরিবারের বড় সন্তান তৈমুর আলম খন্দকার একসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তার ভাই খোরশেদ আলম খন্দকার মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সিটি কাউন্সিলর। পরিবারের আরেক সন্তান ব্যবসায়ী সাব্বির আলমকে তার বাড়ির কাছেই গুলি করে হত্যা করা হয়। ওই মামলার আসামিদের মধ্যে সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিনের নাম ছিল।

তৈমুর আলম খন্দকার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা থাকা অবস্থায় ২০২২ সালে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে পরাজয়ের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অভিযোগ রয়েছে, সে সময় নারায়ণগঞ্জ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান তার পক্ষে অবস্থান নিয়েছিলেন। বিভিন্ন বক্তব্যে তৈমুর আলম ও শামীম ওসমান তাদের ঘনিষ্ঠতার কথাও বলেছেন। পরে তৈমুর আলম তৃণমূল বিএনপি নামে নতুন একটি সংগঠনে যোগ দেন। তার বলয়ের বিএনপির অনেক নেতা-কর্মীও ওই দলে যুক্ত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে নারায়ণগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

তৈমুর আলমের দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া এবং তার অনুসারীদের একাংশের তৃণমূল বিএনপিতে যোগ দেওয়ার ঘটনাকে বিএনপির রাজনীতিতে নেতিবাচক হিসেবে দেখা হয়। এতে এ পরিবারের সদস্যরা যারা বিএনপির রাজনীতির সঙ্গে তারা অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন বলেও জানান সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে নারায়ণগঞ্জ বিএনপির সামনে এখন নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধ মেটানোর চ্যালেঞ্জও রয়েছে। স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব নিরসন, অঙ্গসংগঠনগুলোর মধ্যে সমন্বয় এবং আধিপত্যকেন্দ্রিক সংঘর্ষ বন্ধ করতে না পারলে দলটির সাংগঠনিক শক্তি ভোটের মাঠে পুরোপুরি কাজে নাও লাগতে পারে। বরং বিরোধী রাজনৈতিক দলগুলো বিএনপির এই বিভক্তিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর সুযোগ পেতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়