২৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪২, ২৮ নভেম্বর ২০২৬

বন্দরে ৭০ খেজুরগাছ নিয়ে প্রস্তুত হচ্ছে ‘রস বাগিচা’

বন্দরে ৭০ খেজুরগাছ নিয়ে প্রস্তুত হচ্ছে ‘রস বাগিচা’

শহরের মানুষের কাছে গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্য তুলে ধরতে নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয়বারের মতো প্রস্তুত হচ্ছে ‘রস বাগিচা’। এবারের মৌসুমে বাগানের ভেতরে ও বাইরে মিলিয়ে প্রায় ৭০টি খেজুরগাছ থেকে রস আহরণের প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাত উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে এই রস বাগিচা। বন্দরের সরকারি কদম রসুল কলেজের সামান্য সামনে কাশেম-জামালের বাগানের মাঠে এর অবস্থান।

শীত মৌসুমকে সামনে রেখে অভিজ্ঞ গাছিদের দিয়ে খেজুরগাছ প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি রস সংগ্রহের প্রয়োজনীয় সরঞ্জাম গোছানো ও বাগান পরিচ্ছন্ন রাখার কাজ চলছে।

উদ্যোক্তারা জানান, শুধু খেজুরের রস সংগ্রহ ও বিক্রি নয়, শহরের মানুষের কাছে গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। বিশেষ করে শহরে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে খেজুরগাছ থেকে রস সংগ্রহের প্রক্রিয়া তুলে ধরতে চান তারা।

এবারের মৌসুমে আগের বছরের তুলনায় আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। পরিবার-পরিজন নিয়ে গ্রামীণ পরিবেশে শীতের সকাল কাটানোর সুযোগ তৈরি করতে বাগানের পরিবেশ ও ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়