২৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৪, ২৮ নভেম্বর ২০২৬

বক্তাবলীতে মেলার নামে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি

বক্তাবলীতে মেলার নামে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন নিয়ে গঠিত বক্তাবলী পরগণায় ‘ল্যাংটা মেলা’র নামে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বক্তাবলী পরগণা মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি।

শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন। তিনি বলেন, “বক্তাবলী পরগণা একসময় সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত ছিল। কিন্তু বর্তমানে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে যুবসমাজের হাতে মাদক ও নেশাদ্রব্য তুলে দিয়ে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রায় তিন বছর ধরে আমরা বক্তাবলী পরগণাকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে কাজ করছি; এর অংশ হিসেবে গণস্বাক্ষর ও ৫২টি গ্রামে মানববন্ধন করেছি।”

মেলায় মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে তিনি বলেন, “নদীর তীরবর্তী এলাকায় মেলার নামে প্রায় দেড় শতাধিক মদ ও গাঁজার স্টল বসে, ছোট কক্ষে অশ্লীল কর্মকাণ্ড চলে এবং রাতভর উচ্চ শব্দে গান-বাজনা ও মাইকিংয়ের কারণে শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নই; মাদক, জুয়া, অশ্লীলতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে। এসব স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।”

এ সময় তিনি জানান, সোলায়মান শাহার স্মরণে গান-বাজনার পরিবর্তে আগামী ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী কোরআনখানি, দোয়া-মিলাদ, ওয়াজ মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, “মেলার নামে যুবসমাজকে ধ্বংস করার সব আয়োজন চলত এবং রাতভর ডিগ্রিচর খেয়াঘাট সচল থাকত। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

অনলাইনে প্রচারিত মেলার ব্যানারে রাজনৈতিক নেতাদের নাম ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “গত ১৪ নভেম্বর বক্তাবলী ইউনিয়নের আমজাদ কমিউনিটি সেন্টারে আমাদের সচেতনতামূলক সেমিনারে অধ্যাপক মামুন মাহমুদ এবং ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ও সহ-সভাপতি আকবর আলী সুমনসহ স্থানীয় নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, এলাকায় আর কোনো অসামাজিক কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। অথচ আকবর আলী সুমনকে আহ্বায়ক এবং জাকির খান, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আলামিন হৃদয় ও রাসেল প্রধানসহ অন্যদের নাম দিয়ে অনলাইনে ব্যানার প্রচার করা হয়েছে, যার তীব্র প্রতিবাদ তাঁরা জানিয়েছেন।”

মেলার অনুমতি প্রসঙ্গে মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, “এলাকার লোকজনকে বিশ্রী গান শুনতে বাধ্য করার অধিকার কারও নেই। এসব কর্মকাণ্ড প্রশাসনের অনুমতি নিয়ে হয় না; কুচক্রী মহল মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমরা চাই প্রশাসনের হস্তক্ষেপে বক্তাবলী পরগণা মাদক ও কলঙ্কমুক্ত হয়ে শান্তিশৃঙ্খল পরিবেশ ফিরে আসুক।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল, উপদেষ্টা মুফতি হাসান, আঞ্চলিক শাখার সভাপতি হাফেজ কফিলুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক দিন ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ও সদস্য হুমায়ুন কবির।

সর্বশেষ

জনপ্রিয়