২৬ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৫, ২৬ আগস্ট ২০২৬

নবীকে নিয়ে কটাক্ষ করলে মোকাবিলা করা আমাদের ঈমানি দায়িত্ব: রাজিব

নবীকে নিয়ে কটাক্ষ করলে মোকাবিলা করা আমাদের ঈমানি দায়িত্ব: রাজিব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিষয়ে কেউ কটাক্ষ করলে তার মোকাবিলা করা আমাদের ঈমানি দায়িত্ব। তবে নবীর আদর্শের বাইরে কোনো নির্দেশনা বা ফতোয়া মানা হবে না।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজিব বলেন, নবীর জন্ম না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না, আমরাও সৃষ্টি হতাম না। তাই নবীকে নিয়ে কোনো মুসলমান সামান্য পরিমাণ অশ্রদ্ধা বা কটূক্তির কথা বললে তার ঈমান-আকিদা নিয়ে সন্দেহ জাগাটা স্বাভাবিক। আদব-কায়দা ও সত্য বলা ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। এটি রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।

তিনি বলেন, নবীর আমল থেকেই ইসলামের মধ্যে ঢুকে শুরু থেকে ইসলামকে কলুষিত করার চেষ্টা চলছে। এটি কেয়ামত পর্যন্ত চলবে। তাই এ থেকে বেঁচে থাকতে সঠিক পথটি বেছে নিতে হবে। সেটি হলো নবীর আদর্শ। তবে এর বাইরে কোনো নির্দেশনা বা কোনো ফতোয়া মানার সুযোগ নেই। সেক্ষেত্রে প্রতিরোধও নিজেদের দায়িত্বে করতে হবে।

রাজিব আরও বলেন, দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে অনেকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ইসলামিক চিন্তাবিদদের বিশ্লেষণধর্মী আলোচনা ও সঠিক দিকনির্দেশনায় মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। আরবি সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। তাই আমাদের ভুল বোঝানোর সুযোগও অনেক বেশি।

তিনি বলেন, “আমাদের রাসুলকে কেউ কটাক্ষ করলে তার মোকাবিলা করা আমাদের ঈমানি দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে হবে নবীর আদর্শ দিয়েই।”

ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।

এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়