১৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০০, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ২২:০১, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি আবদুল জব্বারের

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি আবদুল জব্বারের

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ধরে রাখতে এবং আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, ঢাকা বিভাগের পর নারায়ণগঞ্জেই সবচেয়ে বেশি মানুষ জীবন উৎসর্গ করেছেন ও রক্ত দিয়েছেন। তাই শহীদ পরিবারগুলোর রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রাপ্তি ও সার্বিক অবস্থা তদারকির জন্য জেলা প্রশাসনের অধীনে একটি স্থায়ী ও নিয়মিত ‘মনিটরিং সেল’ থাকা জরুরি।

শহীদ পরিবারের শিক্ষিত ও কর্মক্ষম সদস্যদের যোগ্যতা অনুযায়ী সরকারি-বেসরকারি পর্যায়ে চাকরির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মামলা ও আইনি জটিলতার কারণে অনেক ভুক্তভোগী নিজ এলাকায় থাকতে পারছেন না বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, ২৯ জন খালাস পেলেও জেলা পুলিশ সুপারের কাছে সেই তথ্য না থাকা ‘ভয়াবহ বিষয়’। এ ধরনের সমন্বয়হীনতা দ্রুত দূর করতে হবে।

আলোচনা সভায় কয়েকটি শহীদ পরিবারকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে জেলা প্রশাসককে বিষয়টি তদন্তের অনুরোধ জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, দাওয়াতের ক্ষেত্রে কোনোভাবেই শহীদ পরিবারের প্রতি অবহেলা বা বৈষম্য করা যাবে না।

মাওলানা আবদুল জব্বার বলেন, ‘আমরা যদি দুই দিনের মাথায় জুলাই আন্দোলনের শহীদদের ভুলে যাই, তবে তা হবে চরম দুর্ভাগ্যজনক। এটি প্রশাসন ও সংশ্লিষ্ট সবার আন্তরিকতাকেই প্রশ্নবিদ্ধ করবে। ভুক্তভোগীদের আস্থার সংকট দূর করতে হবে এবং প্রতিটি শহীদ পরিবারের সম্মান নিশ্চিত করতে হবে।’

দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ, সরকারি দল কিংবা বিরোধী দল- সবার আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচারমুক্ত ও একনায়কতন্ত্রহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। গণভোটের রায়ের আলোকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। তবে সরকার জনরায় বাস্তবায়নে গড়িমসি করছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীরা এখনো জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এসব হুমকি বন্ধ করে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়