মসজিদকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান এমপি আল আমিনের
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মসজিদ আল্লাহর ঘর- এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়। মসজিদকে রাজনৈতিক প্রভাব ও দলীয় বিভাজনের ঊর্ধ্বে রাখতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন তক্কার মাঠ বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায়ের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আল আমিন বলেন, মসজিদ কমিটি গঠন ও পরিচালনায় এলাকার মুরুব্বি, মুসল্লি ও স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের জোর-জবরদস্তি বা রাজনৈতিক হস্তক্ষেপে মসজিদের পরিবেশ নষ্ট করা উচিত নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন মসজিদে প্রবেশ না করে। মসজিদ হোক ঐক্য, শান্তি ও ইবাদতের কেন্দ্র।
নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।





































