১৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ২০:৫০, ১৬ জুলাই ২০২৬

বন্দরে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বন্দরে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি এলাকায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শ্রী শ্রী রক্ষাকালী ও শিব মন্দির পরিচালনা পর্ষদের আয়োজনে শোভাযাত্রাটি সাবদি এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিঘলদী শ্রী শ্রী রক্ষাকালী ও লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু অংশ নেন। ঢাক-ঢোলের বাদ্য, শঙ্খধ্বনি ও নারীদের উলুধ্বনিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ভক্তরা ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত করে তোলেন চারপাশ।

রথযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, আরতি ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, এমপি কন্যা শামসুন্নুর বাঁধন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের ধর্মীয় সংরক্ষণ সম্পাদক লিটন ঘোষ, সদস্য বকুল সাধু ও তারেক দাস এবং শ্রী শ্রী রক্ষাকালী ও লোকনাথ মন্দিরের সভাপতি বিধু হালদার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী শ্রী রক্ষাকালী ও শিব মন্দিরের ভারপ্রাপ্ত সেবাইত সিজার ঘোষাল শিপলু।

সর্বশেষ

জনপ্রিয়