বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ জুলাই শহীদ দিবস পালন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শহীদদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্যসচিব মো. আশিকুর রহমান অভি, বন্দর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবির চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





































