মূল্যতালিকা না থাকায় সিদ্ধিরগঞ্জে ৪ দোকানিকে জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং অভিযানে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চিটাগাং রোড এলাকার কয়েকটি মার্কেট ও সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন একটি মার্কেটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
জানা যায়, অভিযানে দোকানগুলোর দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না থাকায় মনির স্টোর, মৌলিক স্টোরসহ মোট চারটি প্রতিষ্ঠানকে নগদ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।





































