চাঁদাবাজি-রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স: এমপি আল আমিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, নারায়ণগঞ্জে বিশেষ করে তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজিসহ রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। রবিবার ২২ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “আমি কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত নই। কেউ কোনো অনৈতিক কাজে বা অপরাধের সঙ্গে জড়িত হলে তার দায় আমি নেব না। কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”
এমপি আল আমিন আরও বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি কারও কাছ থেকে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ সুবিধা নেননি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও থানাকে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন—কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি প্রশ্রয় দেবেন না। অপরাধী ও
অপরাধের বিরুদ্ধে তার অবস্থান ‘জিরো টলারেন্স’।
তিনি বলেন, “আমার পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কাজে জড়াতে চায়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করেছি। আমিও একশন নেব।”
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, পঞ্চবটী এলাকার ইয়াসিন আরাফাত তার নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। পরে জানতে পারেন, ওই ব্যক্তি তার পরিচয় দিয়ে কয়েকজন ব্যবসায়ীর কাছে অর্থ দাবি করেছেন। বিষয়টি জানার পর নির্বাচনের আগেই তাকে তার সঙ্গে কাজ না করতে নিষেধ করেন এবং ভবিষ্যতে তার নাম ব্যবহার করলে পুলিশে সোপর্দ করার কথাও জানান। এ বিষয়ে ফতুল্লা থানাকেও অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, আলিগঞ্জ এলাকার তরিকুল ইসলাম পিয়াসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর প্রশাসনকে বিষয়টি যাচাই করতে বলা হয়। অভিযোগের কিছু প্রমাণ পাওয়ায় তাকে এনসিপির সব ধরনের কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে।
এমপি আল আমিন বলেন, “ইয়াসিন আরাফাত বা পিয়াসসহ যে কেউ যদি আমার নাম বা এনসিপির নাম ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।”
তিনি নারায়ণগঞ্জের ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবীসহ সব নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নাগরিক সমস্যার তথ্য দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা ও তার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বিস্তারিত জানাতে অনুরোধ করেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার: 01898868568





































