২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৬:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বন্দরে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বন্দরে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে সুমন (৪০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সুমন বন্দর খেয়াঘাট ৫ নম্বর গলি এলাকার মোকসেদ আলী বেপারীর ছেলে। ঘটনার দিন প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাব্বী, মাজহারুল ও রাসেলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে বন্দর খেয়াঘাট এলাকায় সুমনের ভাঙারি দোকানের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বন্দর আমিন আবাসিক এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে রাব্বী ও তার সহযোগীরা গত ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

দীর্ঘদিন ধরে তারা সুমনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। সুমন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাব্বী, মাজহারুল, রাসেলসহ অজ্ঞাত আরও কয়েকজন সুমনের দোকানে অনধিকার প্রবেশ করে পুনরায় চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান ভাঙচুর শুরু করে এবং সুমনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে রাব্বী তার হাতে থাকা সুইচগিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে সুমনের কপালের বাম পাশে আঘাত করে। একই সময় মাজহারুল ধারালো অস্ত্র দিয়ে তার হাতের তালুতে কোপ দেয়। এতে সুমন গুরুতর আহত হন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে বন্দর থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়