নারায়ণগঞ্জে ৪৮ ঘণ্টা পেরোলেও ঝুলছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কথা থাকলেও নারায়ণগঞ্জের অধিকাংশ প্রার্থী তা এখনও মানেননি।
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় এখনো ঝুলে থাকতে দেখা যাচ্ছে নির্বাচনি প্রচারণার ব্যানার-ফেস্টুন।
প্রেস নারায়ণগঞ্জের প্রতিবেদকের চোখে পড়ে নগর, বন্দর ও ফতুল্লার বিভিন্ন সড়কে একাধিক প্রার্থীর ব্যানার-ফেস্টুন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালামের কর্মীদের মণ্ডলপাড়া পুল এলাকায় নিজস্ব ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে দেখা যায়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পার হলেও প্রশাসন এখনো এসব ব্যানার-ফেস্টুন সরাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, নির্বাচনের পর এসব ব্যানার-ফেস্টুনের আর প্রয়োজন নেই। পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়তে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচিত দ্রুত সব ব্যানার ও ফেস্টুন অপসারণ করা।
রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতোমধ্যে সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে ব্যানার-ফেস্টুন সরাতে। কিছু কিছু জায়গায় ইতোমধ্যে অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা কাজ করছেন। প্রার্থীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অপসারণ করা হবে। এরপরও কেউ অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





































