হাতিয়ায় ধর্ষণের অভিযোগ: তদন্ত ও বিচার দাবি ছাত্র ফেডারেশনের
নোয়াখালীর হাতিয়ায় স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার সত্যতা যাচাই, সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অভিযুক্ত ব্যক্তির অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। তবে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নয়, তার অপরাধই বিবেচ্য হওয়া উচিত। তারা বলেন, দুর্বৃত্তরা প্রায়শই ক্ষমতার ছায়ায় থেকে অপরাধ সংঘটনের চেষ্টা করে- এ প্রবণতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর দেশ একটি নির্বাচিত সরকার পেয়েছে। এখন প্রয়োজন স্থিতিশীল, সহিংসতামুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে পার না পায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রশাসন ও পুলিশকে নির্লিপ্ততা পরিহার করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। বিজয়ী বা পরাজিত—কোনো প্রার্থীর সমর্থক পরিচয়ে যেন অপরাধীরা দায়মুক্তি না পায়।
সংগঠনের পক্ষ থেকে হাতিয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী নারী ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা এবং সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।





































