নির্বাচিত হয়ে আল আমিন ভুলে যাননি শিশু মামুনকে
নির্বাচনের মাঠে হাজারো মানুষের ভিড়ের মধ্যে দেখা এক শিশুকে ভুলে যাননি নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
নির্বাচনের আগে ৭ ফেব্রুয়ারি। কুতুবপুর নয়ামাটি কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন তিনি। হঠাৎ ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ায় আব্দুল্লাহ আল মামুন নামের এক শিশু। সরল কণ্ঠে শিশুটির প্রশ্ন— ‘আপনি কি আব্দুল্লাহ আল আমিন? শাপলা কলি? ইনশাআল্লাহ আপনি জিতবেন।’
শিশুটির সেই নিখাদ বিশ্বাস আর সরল শুভকামনা ছুঁয়ে যায় আব্দুল্লাহ আল আমিনের মন। সেদিন রাতেই তিনি মনে মনে ঠিক করেন—নির্বাচনে জয়ী হলে মামুনের বাসায় যাবেন, খোঁজ নেবেন তার।
নারায়ণগঞ্জ-৪ আসনে বিজয়ী হন আব্দুল্লাহ আল আমিন। দায়িত্বের ভিড়, শুভেচ্ছার স্রোত, রাজনৈতিক ব্যস্ততা—সবকিছুর মাঝেও ভুলে যাননি ছোট্ট মামুনকে দেওয়া প্রতিশ্রুতি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আছর তিনি হাজির হন মামুনের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। মামুনের মাথায় হাত রেখে তার পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, কামনা করেন উজ্জ্বল আগামীর।





































