বিভক্ত আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে নতুন বিবাদ
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ আবারও প্রকাশ্যে আসছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের অধিকাংশ নেতা-কর্মী কারাগারে কিংবা আত্মগোপনে থাকলেও আগামীর নেতৃত্ব ও নতুন কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়েছেন বিভিন্ন বলয়ের অনুসারীরা। মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের সম্ভাব্য কমিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পাল্টাপাল্টি প্রচার-সমালোচনা।
এমনকি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যেও নেতৃত্ব নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছে।
নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগের রাজনীতিতে এই বিভক্তি অবশ্য নতুন নয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে কেন্দ্র করে দলটি দীর্ঘদিন দুই ধারায় বিভক্ত ছিল। শহরের এই বিভক্তির প্রভাব পড়েছিল উপজেলা পর্যায়ের নেতৃত্বেও। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে টানা দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হলেও সেই বিরোধের অবসান হয়নি।
স্থানীয় রাজনীতিক ও নাগরিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান দুজনই আওয়ামী পরিবারের রাজনীতি থেকে উঠে আসা। একই দল করলেও তাদের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ ছিল। বিশেষ করে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর আইভী তাদের বিপরীতে প্রতিবাদী অবস্থান নেন। এ কারণে তাকে একাধিকবার ওসমান পরিবারের লোকজনের রোষানলে পড়তে হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাদের এই বিরোধ শুধু নারায়ণগঞ্জেই নয়, জাতীয় পর্যায়েও আলোচিত ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান ও তার অনুসারী অনেক নেতা-কর্মী নারায়ণগঞ্জ ছেড়ে আত্মগোপনে চলে যান। অন্যদিকে অন্তত ১২টি মামলায় প্রায় ১৩ মাস কারাভোগের পর বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন সেলিনা হায়াৎ আইভী। তার অনুসারীদের কেউ এখনো দেশে আত্মগোপনে রয়েছেন, আবার কেউ কারাভোগ শেষে বাড়ি ফিরেছেন।
আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দুই বলয়ের নেতারা রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় থাকলেও তাদের মধ্যকার দূরত্ব কমেনি। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে তেমন বক্তব্য না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের অনুসারীদের পাল্টাপাল্টি মন্তব্য ও সমালোচনা অব্যাহত রয়েছে। বিভিন্ন ফেসবুক পেজের টকশোতেও পরোক্ষভাবে প্রতিপক্ষকে কটাক্ষ করছেন কেউ কেউ।
সম্প্রতি মহানগর আওয়ামী লীগ ও যুবলীগের নতুন কমিটি গঠনের আলোচনা ঘিরে এই বিরোধ আরও স্পষ্ট হয়েছে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার মৃত্যুর পর নতুন সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে দলের মধ্যে বিরোধের বিষয়টি একটি টকশোতে তুলে ধরেন খোদ শামীম ওসমান। তিনি ‘পকেট কমিটি’ ও ‘ডিভাইড অ্যান্ড রুল’ প্রসঙ্গও তোলেন।
তিনি বলেন, “মহানগর আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি খোকন সাহা মারা গেছেন। সারাটা জীবন সে দলের জন্য জান দিয়ে গেছে। তার লাশটা নারায়ণগঞ্জে নেওয়া যায়নি। কে এখন সেক্রেটারি হবে? এখন হচ্ছে যুদ্ধ করার সময়, এখন সেক্রেটারি কে হবে এটা নিয়ে চলতেছে আবার ভেজাল।”
শামীম ওসমানের এই বক্তব্যে দলের বর্তমান সংকটের মধ্যেও নেতৃত্ব ও পদ-পদবি নিয়ে বিরোধের বিষয়টি সামনে এসেছে।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সম্ভাব্য কমিটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। কমিটিতে কয়েকজনের নাম আসার আলোচনা ঘিরে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একটি পক্ষ দীর্ঘদিনের শামীম ওসমান অনুসারী হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, সাফায়েত আলম সানি ও জুয়েল হোসেনের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি দেখা গেছে। একে-অপরের বিরুদ্ধে নেতা-কর্মীরা পাল্টা নানা অভিযোগ তুলছেন। এবং নতুন কমিটিতে জায়গা পেতে সকলেই নিজেদের তদবির চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযুক্ত আজমেরী ওসমানকে মহানগর যুবলীগের সভাপতি করার গুঞ্জন নিয়েও আপত্তি উঠেছে সংগঠনের মধ্যে। সম্ভাব্য নেতৃত্বে তার নাম আসার আলোচনায় দলের একাংশের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা করছেন। তাদের অভিযোগ, আজমেরী ওসমান শহরে আতঙ্কের নাম হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। চব্বিশ-পরবর্তী বাস্তবতায় তাকে যুবলীগের নেতৃত্বে আনা হলে দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলেও তারা মনে করছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এই বিরোধ দীর্ঘদিনের। এর পেছনে রয়েছে নেতৃত্ব, প্রভাব ও সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে দুই বলয়ের দ্বন্দ্ব। সরকার পতনের পরও সেই বিরোধ মেটেনি। বরং নতুন কমিটি গঠনের আলোচনা ঘিরে পুরোনো দ্বন্দ্ব আবারও সামনে এসেছে।





































