ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে দুই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি আবদুল জব্বারের
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার বলেন, "অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় দলীয় বিবেচনা নয়, অপরাধীর অপরাধই হোক বিচারের একমাত্র মাপকাঠি। অপরাধী যে দলেরই হোক, কোনো ধরনের পক্ষপাত বা ছাড় না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।"
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকায় বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ভিডিও ধারণ করায় আবু ইউসুফ নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহত ইউসুফ পেশায় একটি ডাইং কারখানার গাড়িচালক ছিলেন। বিয়ের মাত্র আট মাসের মাথায় স্বামীকে হারিয়ে শোকাহত তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী।
অন্যদিকে, গত ১৫ নভেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের জুয়েল রোড এলাকায় মো. রনি (৪১) নামে এক চালককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পৃথক এই দুই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা এবং নিহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।





































