মেয়াদ বাড়াতে বাড়াতে পেরিয়েছে ১ যুগ, তবুও শেষ হয়নি কাজ
চার দফা মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ। প্রায় ১২ বছর ধরে চলা প্রকল্পটি শেষ করতে এবার আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হবে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ অংশে ফতুল্লা রেলস্টেশন পর্যন্ত রেললাইন বসানোর কাজ এগিয়েছে। তবে শহরের ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে চাষাঢ়া পর্যন্ত প্রায় ৩২০ মিটার অংশে জায়গার সংকটে কাজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
২০১৪ সালের জুনে শুরু হওয়া ৩০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের মূল ব্যয় ধরা হয়েছিল ৩৭৮ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার টাকা। ২০২৩ সালে সংশোধনের মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৬৫৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা করা হয়। প্রকল্পের পুরো অর্থায়ন করছে সরকার।

প্রকল্প সূত্রে জানা গেছে, মূল অনুমোদন অনুযায়ী ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে প্রথম দফায় ব্যয় না বাড়িয়ে মেয়াদ ২০১৯ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় দফায় ২০২০ সালের জুন এবং তৃতীয় দফায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। চতুর্থ দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। এবার পঞ্চম দফায় আরও দুই বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে শুরু থেকেই দরপত্র প্রক্রিয়ার জটিলতা দেখা দেয়। দুই দফায় দরপত্র আহ্বানের পর ২০১৭ সালে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন কাজ পায়। তবে সময়মতো কাজের সাইট বুঝিয়ে না দেওয়ার অভিযোগ তুলে অসমাপ্ত কাজ রেখেই ২০২৩ সালের ১৫ মার্চ প্রকল্প থেকে সরে যায় প্রতিষ্ঠানটি।
এরপর ওই বছরের ডিসেম্বরে নতুন করে দরপত্র আহ্বান করে রেলওয়ে। ২০২৫ সালের ১৭ এপ্রিল ভারতের জিপিটি ইনফ্রাস প্রজেক্ট লিমিটেড ও দেশীয় প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যৌথ উদ্যোগের সঙ্গে চুক্তি হয়। একই বছরের ১৫ মে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে জিপিটি-স্ট্যান্ডার্ড জয়েন্ট ভেঞ্চার।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের প্রায় অর্ধেক কাজ শেষ করেছিল। নতুন ঠিকাদার কাজ শুরুর পর কাজ আরো এগিয়েছে। ইতিমধ্যে ফতুল্লা রেলস্টেশন পর্যন্ত এ কাজ এগিয়েছে। লাইন স্থাপনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন স্থানে মাটি ভরাট, সেতু নির্মাণসহ অন্যান্য অবকাঠামোগত কাজও এখানে প্রায় শেষ পর্যায়ে।

প্রকল্পের আওতায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রায় ৩০ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন ও লুপ লাইন নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি আধুনিক সংকেত ব্যবস্থা, পাঁচটি স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, চারটি পদচারী-সেতু, ১১টি ছোট সেতু, দুটি ওয়াশ পিট, একটি বিদ্যুৎ উপকেন্দ্র, শ্যালো ও ডিপ টিউবওয়েল, ট্রেনে পানি সরবরাহের জন্য হাইড্রেন্ট, ডরমিটরি ও স্টাফ কোয়ার্টার নির্মাণের কাজ রয়েছে। নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে শ্যামপুর, পাগলা, ফতুল্লা, চাষাঢ়া ও নারায়ণগঞ্জে।
তবে প্রকল্পের শেষ পর্যায়ে এসে নতুন জটিলতা তৈরি হয়েছে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে চাষাঢ়া পর্যন্ত প্রায় ৩২০ মিটার অংশে। এ এলাকায় পাশাপাশি দুটি রেললাইন বসানোর মতো পর্যাপ্ত জায়গা নেই। এ জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীন সড়কের কিছু অংশ প্রয়োজন হলেও তা এখনো হস্তান্তর করা হয়নি। তাছাড়া, শহরের যানজট পরিস্থিতি নিয়ে স্থানীয় লোকজনের বড় একটি অংশ উদ্বেগ প্রকাশ করে চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় স্টেশনে ডাবল রেল ওভারপাস বা আন্ডারপাসের মাধ্যমে করার দাবি তুলেছেন। ফলে ওই অংশে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের কাজ কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. সেলিম রউফ প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “যদিও ১২ বছর দীর্ঘ সময় লেগেছে, তবে এর পেছনে যৌক্তিক কারণ রয়েছে। প্রথমে এখানে কেবল একটি নতুন লাইন করার পরিকল্পনা ছিল। পরে ২০২৩ সালে সিদ্ধান্ত পরিবর্তন করে বর্তমান মিটারগেজ লাইনটিকেও ব্রডগেজ করার সংশোধনী আসে। এরপর নতুন করে দরপত্র আহ্বান করতে হয়েছে, যার চুক্তি সই হয় ২০২৫ সালের এপ্রিলে।”
তিনি বলেন, “নতুন ঠিকাদার কাজ শুরু করতে না করতেই বর্ষা মৌসুম চলে আসায় কাজে কিছুটা স্থবিরতা আসে।”
নারায়ণগঞ্জ শহরের ৩২০ মিটার অংশের জটিলতা প্রসঙ্গে সেলিম রউফ বলেন, “জায়গার সংকট রয়েছে। এ জন্য সিটি করপোরেশনের কিছু জায়গা প্রয়োজন। তবে জটিলতা থাকলেও সেখান দিয়েই নতুন লাইন নিয়ে যাওয়া হবে।”
প্রকল্প পরিচালক আরও বলেন, “বর্তমান লাইনে ট্রেন চলাচল করছে। ফলে একটি লাইনের কাজ শেষ হলে অন্য লাইনের কাজ শুরু করা হবে। এর মধ্যে তেলসংকটের কারণে প্রায় এক থেকে দেড় মাস পিছিয়ে গিয়েছি। তেলের অভাবে প্রকল্পের যন্ত্রপাতি চালানো সম্ভব হয়নি। আমরা খুবই আশাবাদী, ২০২৮ সালের মধ্যে কাজটি শেষ করতে পারব এবং ২০২৯ সাল নাগাদ এ পথে ট্রেন চলতে পারে।”





































