২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ২২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আল-ফালাহ সংগঠনের নেতাদের মামলা প্রত্যাহারের দাবি

ফতুল্লায় আল-ফালাহ সংগঠনের নেতাদের মামলা প্রত্যাহারের দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাসদাইর আল-ফালাহ সমাজকল্যাণ সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় উপস্থিত হয়ে তাঁরা মামলা প্রত্যাহারের আবেদনের প্রতি সমর্থন জানান। এ সময় মাসদাইর এলাকার শতাধিক বাসিন্দাও উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাসদাইরে গণপিটুনিতে কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত সিজান নিহত হওয়ার ঘটনায় আল-ফালাহ সংগঠনের নেতাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহারের আবেদন করেন মুহাম্মদ আমানুল্লাহ।

এ বিষয়ে গত ১৭ নভেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) কার্যালয় থেকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে মামলার বাদীকে ২২ নভেম্বর দুপুর ১২টায় ফতুল্লা মডেল থানার দ্বিতীয় তলায় অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণসহ উপস্থিত থাকার ব্যবস্থা করতে বলা হয়।

এর পরিপ্রেক্ষিতে রোববার নির্ধারিত সময়ে মামলার বিষয়ে খোঁজখবর নিতে এবং মামলা প্রত্যাহারের আবেদনের প্রতি সমর্থন জানাতে বিভিন্ন সংগঠনের নেতারা থানায় উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মামুন ফেরদাউস, ইসলামী আন্দোলনের মহানগর সহসভাপতি ওমর ফারুক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, ইসলামী আন্দোলনের মহানগর সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমদ ও ইসমাঈল হোসাইন।

এ ছাড়া বিএনপির উলামা দলের ফতুল্লা থানা আহ্বায়ক জিলানী ফকির, আল-ফালাহ সংগঠনের মুখপাত্র মুফতি কাউসার আহমদ কাসেমী, মাসদাইর প্রগতি সংঘের সভাপতি জাহাঙ্গীর প্রধান ও বিএনপি নেতা নাসিরুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তবে মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়ে পুলিশের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়