২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:০৪, ২২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী

ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শাহিনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ শাহিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ তাঁর স্ত্রী লিমা পারভীন (২৬) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক হারুন উর রশিদ বিপুল।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহিন ও তাঁর স্ত্রী লিমা পারভীনসহ চারজন দগ্ধ হন।

দগ্ধ অন্য দুজন হলেন হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

চিকিৎসক হারুন উর রশিদ বিপুল জানান, শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তাঁর স্ত্রী লিমার ৪৫ শতাংশ পুড়ে যায়। দুজনেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান। তাঁর স্ত্রী লিমা বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ ছাড়া হোসেনের শরীরের ১২ শতাংশ এবং শাহেদের ৩ শতাংশ পুড়ে গেছে। তাঁরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, রান্নাঘরের চুলার গ্যাসের সুইচ খোলা থাকলেও রাতে ওই এলাকায় গ্যাস সরবরাহ ছিল না। পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে লিকেজের মাধ্যমে পুরো ফ্ল্যাটে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরে চুলা জ্বালানোর চেষ্টা করলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমে ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারজন দগ্ধ হন।

সর্বশেষ

জনপ্রিয়