২২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৯, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:২৯, ২২ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রী সালেহা বেগমকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, মোবারক হোসেন নরসিংদীর মাধবদী এলাকার বাসিন্দা। প্রায় ১৫ বছর আগে তিনি আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেম আলীর মেয়ে সালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত একটার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালেহা বেগম। এ সময় মোবারক ঘরে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সালেহার মৃত্যু হয়। সন্তানদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জানা যায়, সালেহা বেগম সৌদি আরবে থাকতেন। হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা হাসেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল মোবারক হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। হত্যাকাণ্ডের প্রায় সাত বছর পর মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।

সর্বশেষ

জনপ্রিয়