মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিটির সদস্যরা। এ সময় তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
দায়িত্ব গ্রহণকালে কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে বিদ্যালয়ের বাইরে রাস্তাঘাটে ছাত্রীদের কেউ উত্ত্যক্ত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণের কথা জানান তাঁরা।
বিদ্যালয়ের তিন সদস্যের এডহক কমিটির সভাপতি মাসুদ রানা। কমিটির অন্য দুই সদস্য হলেন অভিভাবক প্রতিনিধি কেএম ফারুক ও শিক্ষক প্রতিনিধি ভিকারুননিসা।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাবেক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





































