সোনারগাঁয়ে বৈশাখী, শিকদার ডাইন ও ইঁশাখা মিষ্টি ঘরকে ৬ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য প্রস্তুতের নিয়ম না মানায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সোনারগাঁ-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে বৈশাখী ও শিকদার ডাইন নামে দুটি রেস্টুরেন্ট এবং ইঁশাখা মিষ্টি ঘরকে নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নিয়ম না মানায় জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ খাদ্য আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন সরকারি বিধি অনুযায়ী মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পেশকার মো. বায়েজিদ, স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।





































