১১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৪, ১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে হোসিয়ারি শিল্পনগরী পরিদর্শনে বিসিক চেয়ারম্যান

নারায়ণগঞ্জে হোসিয়ারি শিল্পনগরী পরিদর্শনে বিসিক চেয়ারম্যান

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ নারায়ণগঞ্জ হোসিয়ারি শিল্পনগরী ও বিসিক জেলা কার্যালয় পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম, বিসিক হোসিয়ারি শিল্পনগরীর মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, সহসভাপতি  আব্দুস সবুর সেন্টুসহ বিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে বিসিক চেয়ারম্যান উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিল্পায়নের অগ্রগতি ত্বরান্বিত করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের বিকাশ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর লক্ষ্যে বিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

মতবিনিময়কালে উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। চেয়ারম্যান তাদের বক্তব্য শোনেন এবং শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিসিকের চলমান সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

পরে মতবিনিময় সভা শেষে বিসিকের তিনজন উদ্যোক্তার মাঝে ঋণের চেক বিতরণ করেন চেয়ারম্যান বেনজীর আহমেদ।

এরপর তিনি ফকির অ্যাপারেলস লিমিটেড এবং এম. এস. ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠান দুটির উৎপাদন কার্যক্রম ও শিল্প ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ

জনপ্রিয়