টানা বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশ ডিসির, মাঠে প্রশাসন
টানা বৃষ্টির ফলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিম্নাঞ্চলে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। তার নির্দেশনার পর জনদুর্ভোগ দ্রুত লাঘবের লক্ষ্যে জেলার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সমন্বিতভাবে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে জরুরি নির্দেশনা পাঠানো হয়। এতে ড্রেন, নালা-নর্দমা পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখা এবং প্রয়োজনীয় স্থানে পাম্প বসিয়ে দ্রুত পানি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা পাওয়ার পরই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা মাঠে নামেন। চেয়ারম্যান, সদস্য, স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মীরা জলাবদ্ধ এলাকাগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের কাজ তদারকি করছেন। পাশাপাশি খাল ও নর্দমার মুখে জমে থাকা আবর্জনা অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "এই দুর্যোগে জনদুর্ভোগ লাঘবই আমাদের প্রধান অগ্রাধিকার। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। কোথাও পানি জমে থাকার খবর পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সব উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।"
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য জেলার প্রতিটি ইউনিয়নে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিম নিয়মিত মাঠ পরিদর্শন করে সমস্যাপূর্ণ এলাকার তথ্য তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের কাছে পাঠাচ্ছে।





































