নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে স্বামী পরিচয়ে বসবাসকারী এক ব্যক্তি এবং ৬ বছর বয়সী শিশুকন্যা নিখোঁজ থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকার শাহজাহান মাস্টারের টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া আক্তার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গত ১ জুলাই সাদিয়া তার ৬ বছর বয়সী মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসায় ভাড়া ওঠেন। বাড়ির মালিকের কাছে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও সঙ্গে থাকা ব্যক্তি পরে পরিচয়পত্র দেবেন বলে জানান।
সোমবার রাতে বাড়ির মালিক সাদিয়ার কক্ষের খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের মুখের বাম পাশে রক্ত জমাট বাঁধা অবস্থায় দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, "এটি একটি রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তি ও শিশুকন্যার সন্ধানে কাজ চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"





































