১৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৭, ১৩ জুলাই ২০২৬

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সেমিনার

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সেমিনার

‘গণভোটের গণরায়: জাতীয় ঐক্য ও নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে জেলা পরিষদ সংলগ্ন একটি রেস্তোরাঁয় জেলা ১১ দলীয় ঐক্যের ব্যানারে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মহানগর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণকারী অনেকেই আজ জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। গণভোটের গণরায় বাস্তবায়নে রাজনৈতিক গড়িমসি করা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, জুলাই শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। আহত ও বিদেশে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বৈষম্য দূর করে গণভোটের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মমিনুল হক সরকার বলেন, জুলাই বিপ্লব ও গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়ে সরকারের অনীহা জনগণের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।

বক্তারা বলেন, অতীতে ক্ষমতায় এসে বিভিন্ন সরকার স্বৈরতান্ত্রিক আচরণ করেছে। তাই ২০২৬ সালের গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরে আর বিলম্ব করা উচিত নয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা। প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতা, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বলা হয়, জুলাই বিপ্লব ছিল জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার স্বাভাবিক পরিণতি। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণভোটে প্রদত্ত জনরায় বাস্তবায়ন প্রয়োজন। এতে আরও উল্লেখ করা হয়, অতীতে অনুষ্ঠিত গণভোটগুলোর ফল রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয়েছে। তাই ২০২৬ সালের গণভোটের রায়ও বাস্তবায়ন করা উচিত। পাশাপাশি সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন খাতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজুর রহমান ও সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি প্রার্থী অধ্যাপক ইলিয়াস, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বাকী, মহানগর কর্মপরিষদ সদস্য হাফেজ মমিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নিজামউদ্দিন, নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, জেলা আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার এবং সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।

সর্বশেষ

জনপ্রিয়