১৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০২, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ২১:০৩, ১৩ জুলাই ২০২৬

ত্রিবেণী পুলে ময়লার স্তূপ, দুর্গন্ধে চরম ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা

ত্রিবেণী পুলে ময়লার স্তূপ, দুর্গন্ধে চরম ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ত্রিবেণী পুল এলাকায় দীর্ঘদিন ধরে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পুলের ওপর ও নিচে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এতে প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, গৃহস্থালি ও বিভিন্ন ধরনের বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে পুলের আশপাশে ফেলা হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ময়লার স্তূপ দিন দিন বড় হচ্ছে। দুর্গন্ধের পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।

অটোরিকশাচালক মো. হৃদয় বলেন, “ত্রিবেণী পুল দিয়ে প্রতিদিন বহুবার যাতায়াত করি। ময়লার দুর্গন্ধে যাত্রীদের নিয়ে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। অনেক যাত্রী নাক-মুখ চেপে বসে থাকেন। দ্রুত ময়লা অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা প্রয়োজন।”

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই সাধারণ মানুষকে দুর্গন্ধ ও নোংরা পরিবেশের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

পথচারী আজিজ মিয়া বলেন, “আমি প্রতিদিন ভোরে এই রাস্তা দিয়ে হাঁটি। বৃষ্টির পানিতে ময়লা সড়কে ছড়িয়ে পড়েছে। এ পথ দিয়ে হাঁটতে গেলে দম বন্ধ হয়ে আসে।”

এলাকাবাসীর দাবি, ত্রিবেণী পুল এলাকায় নিয়মিত বর্জ্য অপসারণ, স্থায়ী ডাস্টবিন স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। একই সঙ্গে তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়