নারায়ণগঞ্জের চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে
নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গত ৬ জুলাই জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি নবসৃষ্ট উপজেলাসহ আরও ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে সরকারের নীতিগত সম্মতি পাওয়া গেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হওয়ার পথে এগোচ্ছে। এর ফলে উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
বর্তমানে জেলার এই চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে ৫০ শয্যা নিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে। ১০১ শয্যায় উন্নীত হলে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং রোগীদের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য, মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং জেলা সদর হাসপাতালের ওপর রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।





































