০৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫০, ৫ জুলাই ২০২৬

‘৮০ বছরের পুরোনো দল ভ্যানিশ’ আওয়ামী লীগ প্রসঙ্গে সাবেক প্রেসসচিব

‘৮০ বছরের পুরোনো দল ভ্যানিশ’ আওয়ামী লীগ প্রসঙ্গে সাবেক প্রেসসচিব

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সকলেরই কিছু ভয়ঙ্কর এবং কিছু সাহসী অভিজ্ঞতা আছে। ক্ষুদ্র মানুষ থেকে নিজেকে বিপ্লবী হিসেবে দেখার অভিজ্ঞতা আমাদের হয়েছে। হঠাৎ করে কোথা থেকে আমাদের সবার এত সাহস চলে এলো তা আমরা ভাবতেও পারিনি।”

রোববার (৫ জুলাই) জুলাই স্মৃতিচারণে এনসিপি আয়োজিত ‘রাজনৈতিক সংস্কৃতির রূপান্তর: তারুণ্য, সুশাসন ও নতুন সম্ভবনা’ শিরোনামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এ সময় শফিকুল আলম বলেন, “একটা বৈষম্যবিরোধী আন্দোলন থেকে জাতীর পরিবর্তনের লড়াই শুরু হলো। আমি এটাকে দেখি ডিগনিটির লড়াই। ১৮ তারিখ থেকে মানুষ রাস্তায় নেমে এলো কারণ- তাদের হেয় করা হয়েছে। শেখ পরিবার আমাদের প্রজা বা দাস বানিয়ে রেখেছে। সবাই বলতে শুরু করে আমি রাজাকার। একটা ঘৃণিত শব্দকে নিজের কাছে নিয়ে লড়াইয়ে নেমেছে মানুষ। বাংলাদেশের ইতিহাসে এমন আন্দোলনের কোন তুলনা হয় না।”

“এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নামেনি। ১৬ বছর ধরে শোষণ করা হয়েছে, কোন অধিকার রাখা হয়নি, আমাদের চাকরি দেয়া হয়নি, বর্ডারে কিলিং করা হচ্ছে, চোখের সামনে ব্যাংকগুলো খালি করে ফেলা হচ্ছে, পত্রিকায় এর পক্ষে সম্মতি উৎপাদন করা হয়েছে।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “এই আন্দোলনে মানুষ এমনভাবে প্রতিরোধ করেছে যে ৮০ বছরের পুরোনো একটি দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। এখন তাদের একটি ঝটিকা মিছিল করার জন্য বিপুল পরিমান ডলার খরচ করতে হয়। তাও ঠিকমত করতে পারে না। এক মিনিট মিছিল করেই তা ভেগে পালিয়ে যায়।”

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

এনসিপির নারায়ণগঞ্জ মহানগর শাখার আহবায়ক শওকত আলীর সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবুল খায়েরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন লেখক ও বুদ্ধিজীবী রক মনু, জেলা এনসিপির সদস্য সচিব জোবায়ের আহমেদ প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়