০৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪১, ৪ জুলাই ২০২৬

আপডেট: ২২:৪৩, ৪ জুলাই ২০২৬

বর্জ্য অপসারণে ১০০ টাকা নির্ধারণ: বাস্তবায়নে স্টিকার ব্যবস্থার প্রস্তাব কবি আরিফ বুলবুলের

বর্জ্য অপসারণে ১০০ টাকা নির্ধারণ: বাস্তবায়নে স্টিকার ব্যবস্থার প্রস্তাব কবি আরিফ বুলবুলের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) গৃহস্থালি বর্জ্য অপসারণ বাবদ মাসিক চার্জ ১০০ টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তবে এই নির্ধারিত ফি যেন মাঠপর্যায়ে সঠিকভাবে কার্যকর হয় এবং কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিতে না পারে, সেজন্য সিটি কর্পোরেশনকে একটি বিশেষ ‘স্টিকার ফর্মুলা’র প্রস্তাব দিয়েছেন নগরীর বাসিন্দা কবি ও পরিবেশকর্মী আরিফ বুলবুল।

​নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উদ্দেশ্যে এই প্রস্তাবনা ও নাগরিক মতামত তুলে ধরেন তিনি।

​ফেসবুক পোস্টে কবি আরিফ বুলবুল লেখেন, “গতরাতে ফেসবুকে দেখলাম আপনি জনগণের সুবিধার্থে গৃহস্থালি বর্জ্য অপসারণ বাবদ ১০০ টাকা চার্জ নির্ধারণ করে দিয়েছেন। নিশ্চয়ই সব দিক বিবেচনা করেই আপনি এই চার্জ নির্ধারণ করেছেন। এখন কথা হচ্ছে এটা ঠিক মতন প্রয়োগ হবে কিনা।”

​এই সিদ্ধান্ত মাঠপর্যায়ে শতভাগ নিশ্চিত করতে তিনি নাসিক প্রশাসকের উদ্দেশ্যে একটি সহজ সমাধান প্রস্তাব করে বলেন, “সিটি কর্পোরেশন থেকে একটা স্টিকার বানিয়ে দেন যেখানে লেখা থাকবে ‘প্রত্যেক বাসা থেকে বর্জ্য সংগ্রহ বাবদ চার্জ ১০০ টাকা’। সহজবোধ্য ভাষায় একটা স্টিকার তৈরি করে প্রত্যেক বাসার দরজায় লাগিয়ে দিতে হবে। তাহলে আর কেউ বেশি টাকা চাওয়ার সাহস পাবে না বা কেউ বিতর্ক তৈরি করতে পারবে না। সবাই আপনার জন্য দোয়া করবে।”

​বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান প্রধান দুটি সংকট যানজট এবং হকার সমস্যা নিয়েও নাসিক প্রশাসকের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আরিফ বুলবুল। তিনি পোস্টে উল্লেখ করেন, “যানজট এবং হকার সমস্যা নিরসনে আমার কিছু প্রস্তাবনা আছে। আপনি চাইলে সেগুলো আপনার কাছে পেশ করতে পারি। আমি নিশ্চিত আমার প্রস্তাবসমূহ এই দুটো সমস্যা থেকে মুক্তি পেতে যথেষ্ট সাহায্য করবে।”

সর্বশেষ

জনপ্রিয়