০৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০২, ৫ জুলাই ২০২৬

বন্দরে অটোরিকশা চালক হত্যা: ৬ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে অটোরিকশা চালক হত্যা: ৬ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা চালক মাসুম রানা (৩৫) হত্যার ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সুমা বেগম বাদী হয়ে শনিবার (৪ জুলাই) রাতে দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩-৪কে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলাটি বন্দর থানায় মামলা নং-৯(৭)২৬ হিসেবে রুজু হয়েছে। এতে পেনাল কোড ১৮৬০-এর ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নিহত মাসুম রানা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২৬ নম্বর ওয়ার্ডের সোনাচরা এলাকার বাসিন্দা ও বাচ্চু মিয়ার ছেলে। মামলায় আসামি করা হয়েছে একই এলাকার বারেক মিয়ার ছেলে মো. রাসেল (৪০) এবং ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার খোরশেদ মিয়ার ছেলে সাইফুলকে (৪৩)।

এর আগে গত সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে মাসুম রানা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের ছয় দিন পর শনিবার (৪ জুলাই) সকালে বন্দর থানার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহারে নিহতের স্ত্রী সুমা আক্তার উল্লেখ করেন, তার স্বামী মাসুম রানা আসামি রাসেল, সাইফুল এবং তাদের সহযোগীদের সঙ্গে চলাফেরা করতেন। এলাকায় মাদক বেচাকেনা ও চুরি-ডাকাতিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে গত ২৯ জুন দুপুর ১২টা থেকে ৪ জুলাই সকাল ১০টার মধ্যে যেকোনো সময় আসামিরা তার স্বামীকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে বন্দর থানাধীন ১ নম্বর ঢাকেশ্বরী এলাকার জনৈক বিল্লালের চায়ের দোকানের পেছনের ডোবায় ফেলে রাখে বলে তিনি লোকমুখে জানতে পেরেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা চুরি, ডাকাতি ও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়