বন্দরে ন্যায়নীতি আদর্শ সংগঠনের বৃক্ষরোপণ
নারায়ণগঞ্জের বন্দরে ন্যায়নীতি আদর্শ সংগঠনের প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় আয়োজিত এ কর্মসূচির শুরুতে অতিথিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। তিনি বনজ সম্পদ সংরক্ষণ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শাহেদ কায়েস। তিনি বলেন, “বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। তাই পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।”
এ সময় আরও বক্তব্য রাখেন ন্যায়নীতি আদর্শ সংগঠনের উপদেষ্টা ও হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
আলোচনা সভা শেষে সংগঠনের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম (ইমন)।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হেলাল হোসেন (আদনান), সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ, সদস্য সচিব সাজিদ হোসেনসহ ন্যায়নীতি আদর্শ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





































