০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

ঘরের ভেতরে ইঁদুর বাধ কাটছে: মনির কাসেমী

ঘরের ভেতরে ইঁদুর বাধ কাটছে: মনির কাসেমী

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “ছাত্রজনতার ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সঙ্গপঙ্গ নিয়ে মামুর বাড়ির দিল্লিতে যেতে বাধ্য হয়েছে। এই নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। সন্ত্রাসীদের জন্য মানুষ বাড়িঘর করতে পারতো না, চাঁদা দিতে হতো। বালি-সিমেন্টও নিজের মতো করে কিনতে পারতো না। এমনকি মসজিদের ইমাম সাহেব মিম্বরে বসে কথা বলার স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নতুন কোর্ট এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনার, আমার, হেফাজতে ইসলামের আন্দোলন, ছাত্রদের আন্দোলন ও বিএনপির আন্দোলনের কারণে তারা লেজ গুটাতে বাধ্য হয়েছে। এবারের নির্বাচনও একটি আন্দোলন, এটি একটি নীরব বিপ্লব হতে যাচ্ছে। এখানে হারার কোনো সুযোগ নেই, জিততেই হবে।”

মুফতি মনির হোসাইন কাসেমী আরও বলেন, “এবারের নির্বাচন ফতুল্লাবাসীর জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষায় ফতুল্লার হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে হবে। জলাবদ্ধতা থাকবে কিনা, সন্ত্রাস ও চাঁদাবাজদের কবল থেকে মুক্তি মিলবে কিনা, বিদ্যুৎ-গ্যাস ঠিকভাবে আসবে কিনা এবং নাগরিক সুবিধা নিশ্চিত হবে কিনা—এসব বিষয়ে ফতুল্লাবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে। তাই এই পরীক্ষায় আমাদের জিততে হবে, অন্য কোনো অপশন নেই।”

তিনি বলেন, “আমাদের দুটি সমস্যা—একটি ঘরের ভেতরে, আরেকটি ঘরের বাইরে। ঘরের ভেতরে ইঁদুর বাধ কাটছে। ইতোমধ্যে আমরা লক্ষ্য রাখছি, আজকের জনসভাতেও কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে। আমরা বোকা বসে নেই। আপনারা ইতোমধ্যেই কিছু খেলা খেলে ফেলেছেন। খেলতে থাকেন, চূড়ান্ত খেলার অপেক্ষা করেন।”

তিনি আরও বলেন, “আর্জেন্টিনা-ব্রাজিল যখন নামে, তখন অন্যদের আর বেল থাকে না। আপনারা পর্তুগাল-ইরানের ভূমিকায় নামবেন, আর আমাদের লোকেরা নামবে আর্জেন্টিনা-ব্রাজিলের ভূমিকায়।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপি নেতা ও সমাজসেবক মাসুদুজ্জামান, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাবেক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক আলমগীরসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়