বন্দরে পুলিশ পরিচয়ে মিশুক ছিনতাই
বন্দরে পুলিশ পরিচয় দিয়ে কৌশলে একটি ব্যাটারিচালিত অটো মিশুক ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মিশুক মালিক সালাউদ্দিন মিয়া বাদী হয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ করেন।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বন্দর থানার ঝুগিপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর বন্দর উপজেলার কামতাল এলাকার মৃত রমজান মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটো মিশুক ‘আকাশ ব্যাটারি সার্ভিস অ্যান্ড অটো হাউজ’ থেকে ক্রয় করে নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
ঘটনার দিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সালাউদ্দিন মিয়া নিজ বাড়িতে ব্যস্ত থাকায় তার ছোট ছেলে হাসান (২০) জীবিকার তাগিদে মিশুকটি নিয়ে বের হয়। পরে বেলা ১১টার দিকে ঝুগিপাড়া এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয় দেওয়া দুই ব্যক্তি মিশুকে উঠে কিছু দূর যাওয়ার পর একজন নেমে পড়ে।
এ সময় মিশুকে থাকা অপর ব্যক্তি চালক হাসানকে নেমে যাওয়া লোকটিকে ডেকে আনতে বলে। সরল বিশ্বাসে হাসান মিশুক থেকে নেমে ওই ব্যক্তিকে ডাকতে গেলে সুযোগ বুঝে মিশুকে থাকা লোকটি গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মিশুকের কোনো সন্ধান না পেয়ে ভুক্তভোগী পরিবার বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও মিশুক উদ্ধারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।





































