০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে আমার পুঁজি জনগণ: গিয়াস উদ্দিন

নির্বাচনে আমার পুঁজি জনগণ: গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “নির্বাচনে আমার পুঁজি হচ্ছেন আপনারা (জনগণ)। আর আমি ভরসা করি আল্লাহর ওপর। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বীর পুঁজি হচ্ছে অর্থ।”

তিনি বলেন, “তিনি সবেমাত্র কষ্ট করে স্বাক্ষর করতে শিখেছেন। স্কুলে কখনো গেছেন কিনা জানি না। অল্প কিছুদিন হলো টিপসই থেকে স্বাক্ষর করতে শিখেছেন। অথচ তিনি দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। মানুষ বলে, এটা টাকার জোরে মনোনয়ন। টাকার জোরে মনোনয়ন, আর আমার নির্বাচন হচ্ছে জনগণের শক্তির ওপর।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, “তিনি এই এলাকার কারো পরিচিত কিনা আমি জানি না। কেউ তাকে আগে কখনো দেখেছে কিনা সেটাও জানি না। এখন তিনি নির্বাচনে এসে ভোট চাইছেন। মধুর কথা বলবেন, অনেক স্বপ্ন দেখাবেন, অনেক প্রতিশ্রুতি দেবেন। কিন্তু নির্বাচন শেষ হলে তাদের কাউকেই আর খুঁজে পাবেন না।”

তিনি বলেন, “যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে; ৫ তারিখের পরে তারা অল্পদিনের মধ্যে বাড়ি-গাড়ি করে ফেলেছে। তারাই আসবে ধানের শীষের জন্য। কারণ ধানের শীষ পাস করলে এ লুটপাটের ব্যবসা আরও বাড়াতে পারবে। এতে আপনাদের কোন লাভ হবে না। বরং এরা যত টাকা-পয়সার মালিক ও বিত্তবান হবে; তারা তত বেশি অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম করে এই এলাকার মানুষকে জিম্মি করে রাখবে।”

তিনি আরও বলেন, “ভোট আমাকে দেন বা না দেন- এই মানুষগুলোকে চিনে রাখার জন্য কথাগুলো বলছি। কোটি টাকা দিয়েও তারা আপনাদের ভোট কিনতে পারবে না। যেহেতু আপনারা টাকা খাবেন না, তাই যারা ঠিকাদারির মাধ্যমে আপনাদের মাথা বিক্রি করার চেষ্টা করছে, তাদের কথায় ভোট দেবেন না। মাটিকে ভোট দিন, মাটির সন্তানকে ভোট দিন।”

নির্বাচনী জনসভায় বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলীর সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন—সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা, ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাবেক সভাপতি সাগর বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়