ঘরে বসেই এখন সিনেস্কোপের টিকিট কাটতে পারবেন নারায়ণগঞ্জবাসী
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র ২নং রেলগেট সংলগ্ন ঐতিহ্যবাহী আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের নিচতলায় স্থাপিত ডিজিটাল সিনেমা থিয়েটার ‘সিনেস্কোপ’-এ চালু হয়েছে অনলাইন ই-টিকিটিং সেবা। এর ফলে এখন ঘরে বসেই দর্শকরা নিজেদের পছন্দমতো শো ও আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। নতুন এই সেবার জন্য দর্শকদের www.cinescopebd.com ওয়েবসাইটে লগইন করে টিকিট ক্রয় করতে বলা হয়েছে।
সিনেস্কোপের উদ্যোক্তা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাকার এর প্রতিষ্ঠাতা, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান ডালিম জানান, ২০১৯ সালে আধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেমে নির্মিত এই সিনেমা হলটি চালুর পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যায়। বিশেষ করে ঈদের সময় বা ব্যবসাসফল সিনেমা মুক্তি পেলে টিকিট সংগ্রহে দীর্ঘ লাইন তৈরি হতো। অগ্রিম টিকিট সংগ্রহ করতে দর্শকদের স্বশরীরে উপস্থিত থাকা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।
এ অবস্থায় অনেক দর্শক পছন্দের দিন, শো-টাইম বা আসন না পেয়ে হতাশ হতেন। আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনাও ছিল নিয়মিত। এতে দর্শক ও হল কর্তৃপক্ষ—উভয়কেই ভোগান্তির শিকার হতে হতো।
এই সমস্যার সমাধান হিসেবে ই-টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে টিকিট ম্যানেজমেন্টের জটিলতা এবং নিরাপদ অনলাইন লেনদেন নিশ্চিত করার কারণে এ প্রক্রিয়া বাস্তবায়নে সময় লেগেছে দীর্ঘদিন। বিশেষ করে পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত জটিলতায় প্রকল্পটি আটকে ছিল বলে জানা গেছে।
সব প্রতিকূলতা কাটিয়ে অবশেষে চালু হওয়া এই ই-টিকিটিং সিস্টেমকে দেশের একক (সিঙ্গেল স্ক্রিন) সিনেমা হলগুলোর মধ্যে প্রথম ও অন্যতম আধুনিক উদ্যোগ হিসেবে দাবি করছেন সংশ্লিষ্টরা।
সিনেস্কোপ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে যারা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।





































