১৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৬, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৭, ৮ নভেম্বর ২০২৫

আর.পি.সাহা বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট’র উদ্বোধন

আর.পি.সাহা বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট’র উদ্বোধন

নারায়ণগঞ্জে অবস্থিত আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘সিএসই ফেস্ট–২০২৫’। 

শনিবার (৮ নভেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনিন্দ্র কুমার রায়।

দিনব্যাপী নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সকাল ১০টা থেকে টি–শার্ট বিতরণের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের কার্যক্রম। এরপর কেক কাটা, বটতলায় রিপোর্টিং টাইম এবং সকাল ১১টায় অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ইনাগুরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. কিঙ্কর প্রসাদ ঘোষ, বিভাগীয় প্রধান শোভন কুমার পাল এবং ছাত্র উপদেষ্টা মো. আসাদুজ্জামান। উদ্বোধনের পর ফ্ল্যাশ মব ও র‍্যালির মাধ্যমে উৎসব ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

দিনের অন্যতম আকর্ষণ ছিল ইন্ট্রা ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কনটেস্ট (আইডিপিসি), যেখানে শিক্ষার্থীরা তিন ঘণ্টাব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া “আরপিএসইউ ট্যালেন্ট হান্ট”, প্রজেক্ট শোকেসিং, গেমস এবং “সিএসই ভাইবস” আয়োজন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভরিয়ে তোলে ক্যাম্পাস।

আগামীকাল (৯ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে “সিএসই ফেস্ট ডিসকাশন” এর মাধ্যমে শুরু হবে দ্বিতীয় দিনের কার্যক্রম। এরপর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে সালমান শাহ স্মরণে র‍্যাম্প শো এবং “সিএসই রকস্” কনসার্টে পারফর্ম করবে ব্যান্ড “মিঙাল”, “পার্শ্বরেখা” এবং অতিথি শিল্পী দিপু।

MATH Learning Hub, KRY International ও 360° Pathshala.com এর সহযোগিতায় আয়োজিত এই ৫ম সিএসই ফেস্টের মূল লক্ষ্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও দলগত মানসিকতা বৃদ্ধি করা। আনন্দ, শেখা ও সম্প্রীতির এ মিলনমেলা অংশগ্রহণকারীদের জন্য হয়ে উঠেছে এক স্মরণীয় অভিজ্ঞতা।

সর্বশেষ

জনপ্রিয়