১৩ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫২, ১৩ মার্চ ২০২৬

আপডেট: ১৯:৫৪, ১৩ মার্চ ২০২৬

ঈদের আগে বেতন-বোনাস দাবিতে টিইউসি সমাবেশ

ঈদের আগে বেতন-বোনাস দাবিতে টিইউসি সমাবেশ

 ঈদের আগে সকল সেক্টরের শ্রমিকদের বেতন-বোনাস ও মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র 'টিইউসি' নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি তপন কুমার রায়, সাবেক সভাপতি আঃ হাই শরীফ, সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, নুরুল ইসলাম, কিশোর লাল ও নির্মাণ শ্রমিক নেতা আবুল বাসার প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বমূখী বাজারে শ্রমিকরা যে মজুরি পায় তা দিয়ে টানাটানি করে তাদের সংসার চলে। এই পরিস্থিতির মধ্যে অনেক কারখানার মালিক মাসের পর মাস বেতন-ভাতা বকেয়া রাখে। যার ফলে সারাবছর শ্রমিকরা ধারদেনা ডুবে থাকে। মালিকরা ঈদকে সামনে রেখে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। ফলে শ্রমিকরা আশায় থাকে বকেয়া পাওনাসহ ঈদ বোনাস এক সাথে পেলে ধারদেনাসহ ঘরভাড়া ও দোকানবাকীর টাকা পরিশোধ করবে। ঈদ উপলক্ষে বৃদ্ধ মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানের জন্য কিছু নতুন কাপড়চোপড় কিনবে। বাড়ি ফিরে আপনজনদের সাথে মিলিত হয়ে ঈদ উৎসব ভাগাভাগি করে উপভোগ করবে। তাদের সেই স্বপ্ন নশসাৎ করা হলে পরিণতি ভালো হবে না।

 ঈদের আগে সকল শ্রমিকদের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনাসহ মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে হবে। সময় মতো শ্রমিকরা টাকা না পেলে ঈদে বাড়ি ফেরা সম্ভব হয় না। এসব বিবেচনায় নিয়ে শ্রমিকদের সকল বকেয়া পাওনা প্রাপ্তি নিশ্চিত করতে বিকেএমইএ, বিজিএমইএ ও সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। ঈদকে কেন্দ্র করে শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। 

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের ঈদ বাজার ও বাড়ি ফেরার যাতায়াতে যাতে চুরি ছিনতাইয়ের শিকার না হয় সেজন্য সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাড়ি ফেরা মানুষের যাতায়াতের গাড়ির নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নেতৃবৃন্দ ঈদের আগে নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী ও ডেকোরেটর শ্রমিকসহ সকল সেক্টরের শ্রমিকদের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনাসহ মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধে শিল্প কারখানার মালিক ও সরকারের প্রতি জোর দাবি জানান।
 

সর্বশেষ

জনপ্রিয়