আড়াইহাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়িয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আশরাফ ভূঁইয়াকে গণসংবর্ধনা প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আশরাফ ভূঁইয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল মল্লিকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান, সহকারী শিক্ষক মো. হেদায়েত উল্লাহ মোল্লা, মো. জহিরুল ইসলাম, মো. রুহুল আমিন, মাহবুবুর রহমান, মকবুল হোসেন, উত্তম কুমার সরকার, সমরেন্দ্র নাথ বিশ্বাস, নাসরিন আক্তার, রওশন আরা বেগম, হাফিজা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল আশরাফ ভূঁইয়া বলেন, “সুশিক্ষা ও নৈতিক চরিত্রই একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। আমার জীবনের ৩৮ বছর আমি এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এ দীর্ঘ সময়ে আমি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা যখন আলোকিত মানুষ হয়ে সমাজে অবদান রাখে, তখনই একজন শিক্ষকের জীবন সার্থক হয়।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল মল্লিক বলেন, ১৯৮১ সালে মো. নুরুল আশরাফ ভূঁইয়া এ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও গুণগত মানে ব্যাপক উন্নয়ন ঘটে। এর ফলে বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সুনাম অর্জন করে। তিনি ২০১২ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে ২০১৮ সালে চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় তার অবদান আজও স্মরণীয়।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আযান, দেশাত্মবোধক গান, পল্লীগীতি, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
সাবেক প্রধান শিক্ষকের প্রতি বিদ্যালয়ের বর্তমান শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও ভালোবাসায় মুগ্ধ হন সংবর্ধিত শিক্ষকসহ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।





































